চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং পরিবেশের প্রতি সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়, যা সবুজ বিদ্যাপীঠ গড়ার বার্তা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মিয়া মনজুর আমীন স্বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি হলো শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত পাঠদান। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বিত দায়িত্ববোধই পারে শিক্ষার পরিবেশ উন্নত করতে। প্রধান অতিথি মাহমুদা কুলসুম মনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে এসে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি মো. সাইফুল ইসলাম শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তাগিদ দেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দেওয়ান আইসিটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. জুলহাস বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কেবল শিক্ষক বা পরিচালনা পর্ষদের একার দায়িত্ব নয়। প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিদ্যালয়কে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, চারাগাছ বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের সেগুলোর সঠিক পরিচর্যার দায়িত্ব নিতে হবে। এটি তাদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে। এছাড়া ঝরে পড়া রোধ এবং প্রতিষ্ঠানটিকে আধুনিক ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








