কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় একটি বিশাল সুপারট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিবৃতিতে জানানো হয়, দুটি জলমগ্ন মাইনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি অচল হয়ে পড়ে।
আইআরজিসির নৌবাহিনী এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী যেকোনো জাহাজের পরিণতি একই হবে। নৌ চলাচলের ক্ষেত্রে আইআরজিসি কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক বলে তারা উল্লেখ করেছে। বর্তমানে ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল সীমিত রাখলেও, মার্কিন সহায়তায় ওমান উপকূলের কাছাকাছি কিছু জাহাজ যাতায়াতের চেষ্টা করছে, যেগুলোকে তেহরান অবৈধ রুট হিসেবে গণ্য করে আসছে।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, শিপিং কোম্পানিগুলোর উচিত মার্কিন সেনাবাহিনীর উসকানিতে বিভ্রান্ত না হওয়া। অপ্রয়োজনে জাহাজ ও ক্রুদের জীবন এবং সম্পদ ঝুঁকির মুখে ঠেলে না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জলপথ উন্মুক্ত রাখাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর প্রতিক্রিয়ায় জর্ডান ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র: গালফ বাংলা








