কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশ:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে বজ্রপাতে শাহ আলম (৩৮) ও মোকাররম হোসেন (২৪) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা। নিহত শাহ আলম চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে এবং মোকাররম হোসেন একই গ্রামের নজরুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে তারা বাড়ির সামনের হাওরে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

নিহত মোকাররম হোসেন ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে বিয়ে করেছিলেন। অন্যদিকে, শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন