ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

প্রকাশ:

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রতিবেশী দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত এমন সম্পর্কের কোনো ইতিবাচক লক্ষণ দৃশ্যমান নয়। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। স্পিকার জোর দিয়ে বলেন, বাংলাদেশ সবসময়ই সৎ প্রতিবেশীসুলভ আচরণ এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ও সার্বভৌম সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী।

আওয়ামী লীগ শাসনামলের সমসাময়িক পরিস্থিতির কথা উল্লেখ করে স্পিকার বলেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর’ সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি এমন সম্পর্কের ঘোর বিরোধী। তার ভাষায়, বাংলাদেশ কোনো বিশেষ ধরনের সম্পর্ক চায় না, বরং দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এছাড়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ না জানানোয় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে আমাদের প্রধানমন্ত্রীকে এখনো সঠিক মর্যাদা দিয়ে তারা আমন্ত্রণ জানাননি। ভারতের প্রতি বাংলাদেশের কিছু রিজার্ভেশন থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের প্রধানকে আশ্রয় দেওয়া এবং সেখানে বসে রাজনীতি করার সুযোগ দেওয়া মোটেও সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়।

শেয়ার করুন