জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময় নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য উঠে এসেছে। হোয়াইট হাউসের সাবেক অভ্যন্তরীণ নীতি উপদেষ্টা থিও ওল্ড এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কূটনৈতিক প্রেক্ষাপটে এখানে খুব শিগগিরই বেশ নাটকীয় কোনো মুহূর্ত তৈরি হতে পারে।
ইরানের বিষয়ে ট্রাম্প বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, খুব অল্প সময়ের মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক বা নীতিতে বড় ধরনের অগ্রগতি কিংবা বড় কোনো পরিবর্তন আসতে পারে। ইরানের জন্য তিনি সম্ভাব্য কয়েকটি পথের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে বাড়তি সামরিক পদক্ষেপ গ্রহণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা চাপ অব্যাহত রাখা, অথবা সরাসরি আলোচনার টেবিলে বসা। ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরান ভবিষ্যতে তাদের আচরণ যথাযথ রাখবে।
বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘের এই ৮১তম অধিবেশন চলছে, যার মূল প্রতিপাদ্য হলো ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। সম্মেলনের সাধারণ বিতর্ক পর্বটি ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা সমবেত হয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংকট ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অধিবেশনে নিজের বক্তব্য তুলে ধরবেন। সেখানে তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান স্পষ্টভাবে ব্যাখ্যা করবেন বলে আশা করা হচ্ছে। অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের তালিকায় পেজেশকিয়ান রয়েছেন বলেও নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ।
সূত্র: গালফ বাংলা








