উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে কমপ্লিট শাটডাউন

প্রকাশ:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অচল হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কঠোর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত সোমবার অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। গত ২৭ জুলাই নিয়োগ পাওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। সংগঠনটি জরুরি ভিত্তিতে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি সংক্রান্ত সাম্প্রতিক প্রজ্ঞাপনটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের ভাষ্যমতে, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় উপাচার্যের দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যের পদ পরিবর্তনের এই সিদ্ধান্তকে অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সোমবার রাতেও ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ দেখা যায়। রাত সাড়ে ১০টার দিকে স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন, শিক্ষক আবাসিক এলাকা এবং ছাত্রী হল প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। বর্তমানে পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

শেয়ার করুন