১২ নভেম্বর শুরু একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন

প্রকাশ:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ২৬ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের সব তথ্য অনলাইনে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তিসংক্রান্ত নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কলেজগুলোর নিজস্ব লগইন প্যানেলে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে এই তথ্য আপলোড করতে হবে।

আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনসংক্রান্ত সব কার্যক্রম শেষ করতে হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত এই সময়সীমার পর রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না এবং এর পরবর্তী কোনো জটিলতার দায়ভার শিক্ষা বোর্ড বহন করবে না। তাই কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের আগেই তথ্য পাঠানোর কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন