যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের ক্ষয়ক্ষতি সরাসরি দেখার পাশাপাশি চলমান সংঘাত প্রশমনে জড়িত ব্যক্তিদের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। সফরের শুরুতেই তিনি কাতারে পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মারফি জানান, এই সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদও সফর করবেন। তিনি নিজেকে বর্তমান সংঘাত শুরুর পর এই অঞ্চলে সফরকারী প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে উল্লেখ করেছেন।
নিজের সফরের তিনটি প্রধান লক্ষ্যের কথা তুলে ধরেছেন মারফি। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোর ওপর যুদ্ধের প্রভাব বা ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করা, যা তার মতে বর্তমানে অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং সংঘাত বন্ধে চলমান বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা। তৃতীয়ত, উপসাগরীয় অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতি কেমন হওয়া উচিত, তা নিয়ে নতুন করে পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন এই সিনেটর।
মারফি গুরুত্ব দিয়ে বলেছেন, এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের দুই দলের আইনপ্রণেতাদের মধ্যপ্রাচ্যে সরাসরি উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। অঞ্চলটির বর্তমান উত্তপ্ত পরিস্থিতির বাস্তবতা অনুধাবন এবং কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই তার এই সফর পরিচালিত হচ্ছে বলে তিনি মত দেন।
সূত্র: গালফ বাংলা








