আওয়ামী লীগের সঙ্গে আতাত করলে ওসি থাকতে পারবেন না

প্রকাশ:

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন মতলব উত্তর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের ‘ডেভিলদের’ সঙ্গে কোনো প্রকার আতাত বা মাদকের সঙ্গে আপস করা যাবে না। মঙ্গলবার মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এমপি জালাল উদ্দীন স্পষ্টভাবে জানিয়ে দেন যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কঠোর অবস্থানে থাকতে হবে এবং কোনো অশুভ শক্তির সঙ্গে আপস করলে ওই ওসি মতলবে এক ঘণ্টাও টিকে থাকতে পারবেন না।

মাদক নির্মূলের বিষয়ে এমপি আরও বলেন, তার নির্বাচনী এলাকার অন্যতম অঙ্গীকার ছিল এলাকাকে মাদকমুক্ত করা। এই লক্ষ্য অর্জনে ওসিকে প্রধান ভূমিকা পালন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষকদের মাঝে চারটি প্রকল্পের আওতায় ১৫৯টি আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। কৃষি ক্ষেত্রে আধুনিকায়নের অংশ হিসেবে এই আয়োজন করা হয় বলে জানা গেছে। আর এই মাদক নির্মূল করতে আপনার ভূমিকা সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে মতলব উত্তর থানার নবাগত ওসি মানস বড়ুয়া ছাড়াও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এবং উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী এবং কৃষক প্রতিনিধি মনির হোসেন প্রধান ও জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা বশির মোল্লাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন