কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ২৫২

প্রকাশ:

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দমনে চলমান বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের এই কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, নগরীর বিভিন্ন পয়েন্টসহ কিশোর অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়েছে। আটককৃতদের অপরাধের ধরণ যাচাই-বাছাই সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এ সময় ২৫২ জনকে আটক করা হয়েছে।

কিশোর ও উঠতি বয়সের তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি থানায় ডিবি ও স্থানীয় পুলিশ প্রশাসন এ বিশেষ অভিযান শুরু করে। মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন। উঠতি বয়সি কিশোরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত পাঁচ ধাপের অভিযানে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা প্রদানের শর্তে অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে, যাদের একটি বড় অংশ শিক্ষার্থী। অন্যদিকে, অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার দায়ে ৬২৬ জনকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হয়েছে। কিশোর গ্যাং নির্মূলে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন