কক্সবাজারের ইনানিতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি

প্রকাশ:

কক্সবাজারের উখিয়ার ইনানিতে মেরিন ড্রাইভ সড়কের পাশে ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটিতে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করেন। পরে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত ১০ জনের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি প্রাণ হারিয়েছেন। পরিবারের অন্য নিহত সদস্যরা হলেন মালিহা, মিলা, সাবরিন এবং শিশু ফাইজান আহমেদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই পরিবারের নয়জন সদস্য রিসোর্টটিতে অবকাশ যাপনের জন্য গিয়েছিলেন। পারিবারিক সম্পর্ক অনুযায়ী নাফিজ তেহামী, নাবিলা, মালিহা ও আলভি একে অপরের কাজিন। এছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে হিসেবে পরিচিত।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ১০ জন বলে নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কারণসহ বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির ওপর কঠোর নজর রাখা হচ্ছে।

শেয়ার করুন