মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা করেছেন যে, ২০৩০ সালে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির এক সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই নেতা জানান, সংবিধানে নতুন করে কোনো সংশোধন আনার সুযোগ নেই এবং এ বিষয়টি ইতিমধ্যে মীমাংসিত। তিনি আরও বলেন, দেশ পরিচালনার মতো সক্ষম নতুন নেতৃত্ব গড়ে না ওঠা পর্যন্ত তিনি রাষ্ট্রের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। এ লক্ষ্যেই মিসরীয় সামরিক একাডেমি নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব তৈরিতে কাজ করছে। এই বিষয়টি নিয়ে কোনো রকম আলোচনার সুযোগ নেই উল্লেখ করে তিনি পরিষ্কার করে জানিয়েছেন, দেশের সংবিধানেও আর কোনো পরিবর্তন আনা হবে না।
উল্লেখ্য যে, ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন সিসি। তার শাসনামল নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে। এসব সংস্থার তথ্যমতে, মিসরের বিভিন্ন কারাগারে বর্তমানে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১ হাজারেরও বেশি নারী।
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, কারাগারে মানবেতর পরিবেশ এবং চিকিৎসা অবহেলার কারণে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ অনেক বিরোধী নেতার মৃত্যু হয়েছে। দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দীর্ঘদিনের ক্ষমতা সংক্রান্ত বিতর্কগুলোর মধ্যে সিসির এই ঘোষণা বিশেষ গুরুত্ব বহন করছে।
সূত্র: গালফ বাংলা








