হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের ভোগান্তি দূর করতে ১৫০টি নতুন ট্রলি হস্তান্তর করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীদের সুবিধার্থে মোট ২০০টি ট্রলি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে আগেই ২৫টি করে ট্রলি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
জাপানে কর্মী পাঠানোর পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে ‘এমপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করা হচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় কর্মীদের সমান আইনি সুরক্ষা এবং সুযোগ-সুবিধা পাবেন। চুক্তিতে নারী কর্মীদের গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের সময় বৈষম্য রোধে বিশেষ সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে মন্ত্রী জানান, বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির মধ্যে একজন অভিবাসী শ্রমিক ও অন্যজন ওমরাহ যাত্রী।
তাঁদের বাড়ি যথাক্রমে বগুড়া ও কুমিল্লায়। আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের মরদেহ দেশে আনা হবে। এছাড়া সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে জানতে দেশটির কর্তৃপক্ষের কাছে দূতাবাসের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সৌদি পক্ষের জবাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের কুমিল্লায়।
সূত্র: গালফ বাংলা








