ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন চাইলে আজ রোববারই এই হামলা পরিচালনা করতে পারে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনের ভোটদান শেষে পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, এ নিয়ে তারা গভীরভাবে ভাবছেন এবং হতে পারে রোববারই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে হামলা চালাবেন কি না—সাংবাদিকদের এমন সরাসরি প্রশ্নের জবাবে তিনি কিছুটা কৌশলী ভূমিকা নিয়ে বলেন, আমি কি আগেভাগেই আপনাদের বলে দেব যে হামলা করব কি না?
মার্কিন প্রেসিডেন্টের মূল লক্ষ্য হলো ইরানকে যেকোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থেকে বিরত রাখা। ট্রাম্পের দাবি, অতীতে বি-২ বোমারু বিমান দিয়ে যে অভিযান চালানো হয়েছিল, তা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না। তিনি বলেন, আমাকে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। এই লক্ষ্য অর্জনেই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।
পরবর্তী করণীয় সম্পর্কে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি, বরং সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনা—উভয় পথই খোলা রেখেছেন। তিনি বলেন, আমাকে হয়তো বিষয়টি চূড়ান্তভাবে শেষ করতে হবে, অথবা তাদের সঙ্গে কোনো একটি চুক্তিতে পৌঁছাতে হতে পারে। তবে তিনি এ ব্যাপারে এখনো নিশ্চিত নন। ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, যেকোনো পথেই সমাধান আসুক না কেন, শেষ পর্যন্ত জয় তাদেরই হবে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
সূত্র: যুগান্তর








