রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ৯৯৯ নম্বর থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্র অনুযায়ী, তাহসিফ সৌরি উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার বসবাস করতেন। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশ ছাড়ার ভিডিও ধারণ ও প্রকাশে তিনি সম্পৃক্ত ছিলেন বলে আলোচনায় এসেছিলেন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধারের পর তার এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামানও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাহসিফের অকাল এই মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনে তদন্তের স্বার্থে ময়নাতদন্তের প্রতিবেদনের দিকেই তাকিয়ে আছে প্রশাসন।
সূত্র: মানবজমিন








