ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের নামে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না হলে সরকারকে চূড়ান্তভাবে ‘লাল কার্ড’ দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি স্পষ্টভাবে বলেন, কার্ডের নামে এমন ভেলকিবাজি চালিয়ে জনগণের অধিকার হরণের চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক জানান, দেশের মানুষের অধিকার আদায়, ৭০ শতাংশ নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের দেওয়া রায়ের মর্যাদা ও সম্মান রক্ষার লক্ষ্যেই ১১ দলীয় ঐক্য এই আন্দোলনে মাঠে নেমেছে।
তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজপথে এই আন্দোলনে যেভাবে সংহতি জানানো হয়েছে, ভবিষ্যতে ঢাকার রাজপথে এক দফা আদায়ের লক্ষ্যে জমায়েত হওয়ার ডাক দেওয়া হলে সকলকে প্রস্তুত থাকতে হবে। সরকারের বিভিন্ন কার্ড কর্মসূচির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, এই ভেলকিবাজি বন্ধ করা না হলে জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আন্দোলন আরো বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যদি আপনাদের ঢাকার রাজপথে এক দফা আদায়ের জন্য জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়, আপনারা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সার্বক্ষণিক প্রস্তত থাকার নির্দেশ দিয়ে তিনি জানান, যথাযথ সময়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সারা দেশের মানুষকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সূত্র: দৈনিক আমার দেশ








