“গল্পের পথচলা অব্যাহত…” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। দোহায় অবস্থিত নেটওয়ার্কটির সদর দপ্তরে গত সন্ধ্যায় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। অনুষ্ঠানস্থলে পৌঁছে তিনি আল জাজিরার গত তিন দশকের ইতিহাস ও যাত্রাপথের ওপর নির্মিত বিশেষ ভিজ্যুয়াল প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া নেটওয়ার্কটির প্রতিষ্ঠাতা ফাদার আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানির ভিশন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমীর নতুন হাই-টেক স্টুডিও এবং সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ নিউজ রুম পরিদর্শন করেন। এ সময় সম্প্রচার ও সংবাদ পরিবেশনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল-থানী, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের চেয়ারম্যান শেখ হামাদ বিন সামের আল-থানী, ডিরেক্টর জেনারেল শেখ নাসের বিন ফয়সাল আল-থানীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক সংবাদকর্মীরা।
১৯৯৬ সালে মাত্র ৬ ঘণ্টার সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করা আল জাজিরা বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি পরিবারে পৌঁছে যাচ্ছে। বিশ্বের ৭০টির বেশি ব্যুরোতে প্রায় ৩,০০০ সংবাদকর্মী নিরলস কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে কাবুল ও ২০০৩ সালে বাগদাদে কার্যালয়ে হামলা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তাদের সাহসী সাংবাদিকতা বজায় রেখেছে। এছাড়া ২০১১ সালে আরব বসন্তের কভারেজের জন্য চ্যানেলটি পীবডি অ্যাওয়ার্ড অর্জন করে। গ্লোবাল নেটওয়ার্ক: বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পরিবারে পৌঁছে যায় আল জাজিরা। বিশ্বের ৭০টিরও বেশি ব্যুরোতে ৯৫টি দেশের প্রায় ৩,০০০-এর বেশি কর্মী কাজ করছেন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত আল জাজিরার ২৪ জনেরও বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ২০২২ সালে জেনিনে নিহত শিরিন আবু আকলেহ এবং ২০২৫ সালে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আনাস আল-শরীফের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই মুহূর্তে নেটওয়ার্কটি তাদের নতুন ডিজিটাল চ্যানেল আল জাজিরা নাও (Al Jazeera Now) এবং ৩০টিরও বেশি নতুন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা ৫ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানটির ৫ কোটি ২০ লাখ (৫২ মিলিয়ন) অনুসারী রয়েছে।
সূত্র: গালফ বাংলা








