গোপালগঞ্জ জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে এবং পুলিশ সুপার হিসেবে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে গোপালগঞ্জের বর্তমান ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং বিদায়ী পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, রোববার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা, রামদা ও দেশি অস্ত্রশস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়া ও তাণ্ডব চালানোর ঘটনার মধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ এই রদবদল ঘটল। এমন পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনা হলো। আজ (রোববার) হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করে ব্যাপক তাণ্ডব চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট।
সূত্র: যুগান্তর








