যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গোলাবারুদের দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে এখনো কোনো কার্যকর ও সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি। মার্কিন সরকারের নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) এক সাম্প্রতিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গোলাবারুদের মজুদ বাড়ানো এবং এর উৎপাদন প্রক্রিয়া তদারকির জন্য নির্দিষ্ট কোনো দপ্তরকেও দায়িত্ব প্রদান করা হয়নি।
জিএওর প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, সামগ্রিক কোনো পরিকল্পনা না থাকায় প্রতিরক্ষা দপ্তরের পক্ষে গোলাবারুদের উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলো কতটা ফলপ্রসূ হচ্ছে, তা মূল্যায়ন করা প্রায় অসম্ভব। বর্তমানে বিভিন্ন কর্মীগোষ্ঠীর মাধ্যমে উৎপাদন বৃদ্ধির উপায় খুঁজে বের করার চেষ্টা চললেও, এসব উদ্যোগের মধ্যে সমন্বয়ের বড় ঘাটতি রয়েছে। এই বিচ্ছিন্ন কার্যক্রম সামরিক বাহিনীর ক্রমবর্ধমান চাহিদা পূরণে কতটুকু সক্ষম হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে নিরীক্ষা সংস্থাটি।
প্রতিবেদনটির ভাষ্যমতে, সঠিক পরিকল্পনা ছাড়া পেন্টাগনের জন্য এটা বোঝা কঠিন যে তাদের চলমান প্রচেষ্টাগুলো সামরিক বাহিনীর প্রকৃত প্রয়োজন মেটাতে পারবে কি না। এই সংকট আরো জটিল আকার ধারণ করেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কারণে। যুদ্ধের ডামাডোলে সামরিক বাহিনীর গোলাবারুদের চাহিদাও বহুগুণ বেড়েছে, যা বিদ্যমান সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
জিএও সতর্ক করে বলেছে, গোলাবারুদের উৎপাদন বাড়াতে পেন্টাগনের বিভিন্ন উদ্যোগ থাকলেও সেগুলোর মধ্যে সঠিক সমন্বয় ও তদারকির অভাব রয়েছে। এর ফলে সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা ও বর্তমান উৎপাদনের মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছে, তা কমানোর উপায়গুলো কার্যত অকার্যকর হয়ে পড়ছে। সামগ্রিক ব্যবস্থাপনা ও দায়বদ্ধতার এই অভাবই পেন্টাগনের গোলাবারুদ সংকটকে আরও প্রকট করে তুলছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: দৈনিক আমার দেশ








