ইরানে ফের বড় হামলার ছক বেনিয়ামিন নেতানিয়াহুর

প্রকাশ:

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা এখন অপরিহার্য বলে মনে করছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে নিজের মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অবহিত করেছেন। তেহরানের বিরুদ্ধে কয়েক দিনব্যাপী নতুন এক সামরিক অভিযান চালাতে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরাইলের চ্যানেল ১৩-এর বরাতে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, গত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে নেতানিয়াহু ইরানে নতুন অভিযানের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তারা সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন এবং তা অনুমোদনও করা হয়েছে। এখন কেবল অভিযান শুরুর নির্দিষ্ট সময়ের অপেক্ষায় রয়েছেন তারা।

গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক প্রতিপক্ষরা অভিযোগ তুলেছেন, নিজের টলমলে রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতেই নেতানিয়াহু যুদ্ধের পরিধি বাড়াতে চাইছেন। যদিও নেতানিয়াহু বরাবরই এ অভিযোগ নাকচ করে আসছেন।

নেতানিয়াহু অভিযানের জন্য মার্কিন সমর্থন চাইলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিছুটা ভিন্ন সুর প্রকাশ করেছেন। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরান নিয়ে যেকোনো সিদ্ধান্তে তিনি তাড়াহুড়ো করতে চান না। বরং বছরের শুরুতে পরিস্থিতির গতিপ্রকৃতি দেখে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। রয়টার্সের সাথে আলাপকালে তিনি আরও বলেন, ২০২৭ সালের শুরুর দিকে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, কারণ তাদের হাতে পর্যাপ্ত সময় আছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া পৃথক সাক্ষাৎকারেও ট্রাম্প বলেছেন, ২০২৭ সালের শুরুতে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তিনি।

এদিকে চলতি সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটি হামলার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন। একই সঙ্গে ইসরাইলি গোয়েন্দাদের মূল্যায়নও খতিয়ে দেখছেন মার্কিন কর্তৃপক্ষ। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বড় একটি অংশ পুনর্গঠন করেছে এবং রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচিতেও অগ্রগতি অর্জনের চেষ্টা করছে।

সামরিক পরিকল্পনার অংশ হিসেবে পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন পরিকল্পনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় বড় ধরনের পাল্টা আঘাত ছাড়াই ইরানে হামলার সম্ভাবনা যাচাই করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের ভাষ্যমতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কঠোর অবরোধের মাধ্যমে তেহরানকে চাপের মুখে রাখা হচ্ছে, তবে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ট্রাম্পের প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইরান যুদ্ধ নিয়ে উত্তাপ বাড়ছে। গত বৃহস্পতিবার মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধ বা কংগ্রেসের অনুমতি সাপেক্ষে অভিযান পরিচালনার একটি প্রস্তাব ৫১-৪৮ ভোটে নাকচ হয়ে গেছে। ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও, ইসরাইলের সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা পর্যালোচনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বৃহস্পতিবার মার্কিন সিনেটে ৫১-৪৮ ভোটে এমন একটি প্রস্তাব নাকচ হয়েছে, যেখানে যুদ্ধ বন্ধ করতে অথবা তা অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নিতে ট্রাম্পকে বাধ্য করার কথা বলা হয়েছিল। ইরান নিয়ে ট্রাম্পের অবস্থানে গত কয়েক মাসে একাধিকবার পরিবর্তন দেখা গেছে।

শেয়ার করুন