সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় হুথিদের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। হামলার শিকার কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি সুউচ্চ ভবনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও সৌদির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সৌদি আরবের ওপর এ ধরনের অব্যাহত হামলার নিন্দা জানায়। একই সঙ্গে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। আঞ্চলিক অস্থিরতা সৃষ্টিকারী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশ দুটি তাদের অবস্থান স্পষ্ট করেছে।
জিসিসি মহাসচিব জাসেম আলবুদাইউই হুথিদের এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় হুথি মিলিশিয়াদের এমন ধ্বংসাত্মক কাজের জন্য অবিলম্বে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। হামলার পর সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
সূত্র: গালফ বাংলা








