জার্মানির রাজধানী বার্লিনের ফেডারেল চ্যান্সেলারিতে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আমিরের এই সরকারি সফরের মূল উদ্দেশ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা।
নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও বিরোধ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে এসব চুক্তি সম্পন্ন হয়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত চুক্তি সই করা হয়েছে। এর পাশাপাশি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’ ও জার্মান ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিরাপত্তার বিষয়ে পৃথক একটি চুক্তি হয়েছে।
সামরিক সহযোগিতার বাইরেও শান্তি রক্ষা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মান ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট বা সমঝোতাপত্র বিনিময় হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে দুই দেশ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আরও সমন্বিতভাবে কাজ করার পথ তৈরি করল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি উচ্চপদস্থ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষ থেকে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সূত্র: গালফ বাংলা








