সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। এছাড়া নাটোরের দুজন এবং রাজশাহীর একজন রয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আবদুল জলিল, মজিদুল, সাগর; নাটোরের শামিম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামল।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন এবং পরিবারের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তাঁরা নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন। মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
আজ সোমবার সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
সূত্র: প্রথম আলো








