বাংলাদেশ নৌবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে নারী ও পুরুষ উভয় প্রার্থীই স্থায়ী পদে যোগদানের সুযোগ পাবেন।
আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে। ১ জুলাই ২০২৭ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে থাকতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd/) ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট ১০০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তরা নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুযোগ এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
সূত্র: Probash Khabor








