ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের ঠিক একদিন আগে শুক্রবার (১৪ আগস্ট) ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একই সময়ে রাজধানীর আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে ফোন ও বার্তার মাধ্যমে একই ধরনের হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ফায়ার সার্ভিস। হুমকির পরপরই দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সাথে জরুরি যোগাযোগ স্থাপন করেন। বর্তমানে আদালত চত্বরে বোম ডিসপোজাল ইউনিট এবং প্রশিক্ষিত কুকুর দিয়ে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।
দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল জানিয়েছেন, প্রাথমিকভাবে এই হুমকিগুলো ভুয়া বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আদালত প্রাঙ্গণে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, হাইকোর্ট ছাড়াও জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস বা ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিসে এই হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হুমকির খবর পাওয়ার সাথে সাথেই এসব স্থানে ফায়ার সার্ভিসের গাড়ি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তল্লাশিতে কোনো ধরনের বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর অস্তিত্ব মেলেনি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
সূত্র: Probash Khabor








