বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে থেকে এই উত্তেজনার সূত্রপাত হয়, যা পরবর্তীতে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, নবীনবরণ অনুষ্ঠানের দিন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে আটকে রাখার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। বিষয়টি ওই নারী শিক্ষার্থী তার সহপাঠীদের জানালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের বিষয়টি অবহিত করেন। এরপর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুসাকে মারধর করা হলে তার মুখ দিয়ে রক্তপাত হয়, যা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে আহত অর্থনীতি বিভাগের ৫-৭ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট এলাকায় তাদের গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ অভিযোগ করেন, ইংরেজি বিভাগের মুসা র্যাগিংয়ের কায়দায় তাদের বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আটকে রেখেছিলেন। তিনি আরও জানান, ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের এক শিক্ষার্থী আকস্মিকভাবে হাত চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র: Probash Khabor








