ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত মুখ রবার্তো কার্লোসকে ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রাজিলের এই বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে জোর দাবি করা হচ্ছে। ৫৩ বছর বয়সী এই তারকার নতুন জীবন নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলেও, এখন পর্যন্ত কার্লোস নিজে কিংবা তাঁর কোনো প্রতিনিধি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেননি।
তুর্কি সংবাদমাধ্যম হাবেরলারসহ বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা পাঠের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়েছেন কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিন সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য শেয়ার করার পর বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি এই দাবি করেন।
আলিসাহিনের ভাষ্যমতে, সাউ পাওলোভিত্তিক সংগঠন ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথের’ প্রতিনিধি শেখ জিহাদ হামাদার সঙ্গে কার্লোসের দীর্ঘদিনের যোগাযোগ ছিল। সেই ধারাবাহিকতায় চার সপ্তাহ আগে তিনি শেখ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। আলিসাহিন তাঁর পোস্টে ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর ও তাঁর পরিবারের জন্য শুভকামনা ব্যক্ত করেছেন।
কার্লোসের ইসলাম গ্রহণের খবরের ঠিক আগেই তাঁর বিয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তিনি মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোহাইলা পেশায় একজন ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট। খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রে তাঁদের পরিচয় ও সম্পর্কের সূচনা হয়। যদিও তাঁদের বিয়ের খবরটি চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম প্রকাশ্যে এসেছিল, তবে গত ২৫ জুলাই পারিবারিকভাবে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বর্ণিল ক্যারিয়ার গড়া কার্লোস খেলোয়াড়ি জীবনের শেষ দিকে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে খেলেছিলেন। সেই সুবাদে তুরস্কের মানুষের সঙ্গে তাঁর একটি বিশেষ সংযোগ রয়েছে, যার ফলে তুর্কি সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে এমন খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তবে তুর্কি সাংসদ ও বিভিন্ন গণমাধ্যমের সুনির্দিষ্ট দাবি সত্ত্বেও, রবার্তো কার্লোস বা তাঁর প্রতিনিধি দল এখন পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ডিফেন্ডারের নিজস্ব প্রতিক্রিয়া বা ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁর অগণিত ভক্ত ও অনুসারীরা।
সূত্র: গালফ বাংলা








