কাতারের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে এবং নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে আসা প্রথম লেজার চার্টার ফ্লাইটটি হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। রুস্তার ট্যুর অপারেটরের সহযোগিতায় ফ্লাইওয়ান এয়ারলাইন্স এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
এই চার্টার কর্মসূচির আওতায় এয়ারবাস এ৩২০ মডেলের বিমান ব্যবহার করে ইয়েরেভান ও দোহার মধ্যে প্রতি সপ্তাহে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২০২৭ সালের ১৫ মে পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, এই সময়ের মধ্যে আর্মেনিয়া থেকে প্রায় ৬ হাজার ৫০০ পর্যটক কাতার ভ্রমণ করবেন, যা দুই দেশের পর্যটন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
সাম্প্রতিক সময়ে আঞ্চলিক বিভিন্ন অপারেশনাল বাধার পর কাতারে এটিই প্রথম লেজার চার্টার ফ্লাইট। এই ফ্লাইট চালুর বিষয়টি প্রমাণ করে যে, বৈশ্বিক এভিয়েশন কমিউনিটি, ট্রাভেল পার্টনার এবং পর্যটকদের কাছে কাতার এখন পুরোপুরি নিরাপদ এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। বিশ্বমানের পর্যটন পরিকাঠামো ও অতিথি আপ্যায়নের মাধ্যমে কাতার যে একটি আকর্ষণীয় গন্তব্য, তা এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণিত হলো। এছাড়া এই চার্টার ফ্লাইট ভবিষ্যতে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালুর পথকেও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








