ওমানের কৃষি খাতে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির কৃষি সংস্থা ‘ওমান এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন’ (ওএএ) এই নিয়োগ কার্যক্রমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ওমান ডেইলি অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, দেশটির শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সরাসরি অনুমোদনেই এই বিশেষ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নিবন্ধিত খামার মালিকরা বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য ভিসার আবেদন করতে পারবেন।
ওএএ জানিয়েছে, এই আবেদন প্রক্রিয়াটি বর্তমানে শুধুমাত্র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আবেদনকারীদের বার্ষিক সদস্যপদ ফি বাবদ ২৫ ওমানি রিয়াল পরিশোধ করতে হবে। এছাড়া আবেদনের সাথে কৃষি হোল্ডিং সনদ, জাতীয় পরিচয়পত্র, শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট এবং ২০২৬-২৭ মৌসুমের কৃষি চাষ ফরমের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। এই ফরমে চাষকৃত ফসল ও জমির বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে হবে।
আগামী ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত সরকারি কর্মদিবসে ইবরির আল মুরতাফায় অবস্থিত ওএএর কার্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। অসম্পূর্ণ আবেদন বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া জমা দেওয়া আবেদনগুলো কর্তৃপক্ষ বিবেচনায় নেবে না। ওমানের কৃষি সনদ প্রদানকারী কার্যালয়ের তথ্যমতে, এই পাঁচ হাজার শ্রমিকের কোটা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের জন্য সংরক্ষিত এবং তা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মধ্যে বণ্টন করা হবে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রতিটি কৃষি অ্যাসোসিয়েশন সর্বোচ্চ ৩৩০ জন পর্যন্ত বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের সুযোগ পাবে। ওমানের কৃষি খাতের উন্নয়নে এই নিয়োগ প্রক্রিয়াটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: গালফ বাংলা








