ওয়ালটন- বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর মেগা ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি এয়ারকন্ডিশনার (এসি) জিতে নিয়েছেন চট্টগ্রামের অভিজিত চক্রবর্তী। বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সারা দেশের পাঠকেরা পত্রিকার কুপন সংগ্রহ করে উত্তর পাঠিয়েছিলেন। জমা পড়া কুপনগুলো থেকে লটারির মাধ্যমে চারজন বিজয়ীকে নির্বাচন করা হয়েছে। ড্র অনুষ্ঠানে কুপনগুলো বাছাই করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু।
লটারিতে দ্বিতীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর জিতেছেন চট্টগ্রামের আবরার মাসুদ। তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন ঢাকার আবদুল এবং চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন চট্টগ্রামের শারমিন। ড্র অনুষ্ঠানের পরপরই মুঠোফোনে কল করে বিজয়ীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, মহাব্যবস্থাপক (সার্কুলেশন-সেলস) অরূপ কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।
সূত্র: প্রথম আলো








