কুয়েতে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের মৌলিক নীতিরও চরম অবমাননা। বাহরাইন স্পষ্ট করেছে যে, তারা কুয়েতের নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এটি উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাহরাইন। একই সঙ্গে ইরানকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এছাড়া আঞ্চলিক দেশ ও জনগণের ওপর হামলা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল নিরাপদ রাখা এবং জলদস্যুতা প্রতিরোধের জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বাহরাইন। এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করেছিল যে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, এতে ওইসব স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, তারা সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের আবাসস্থল ও রাডার ব্যবস্থাতেও হামলা চালিয়েছে। এদিকে, কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে আসা এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








