কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের (১৩) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত এই জানাজায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নিয়ে অপ্রতিমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজার প্রাক্কালে আবেগাপ্লুত কণ্ঠে অপ্রতিমের বাবা শাহরিয়ার বলেন, ‘আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল সে। বাবা হিসেবে আমি সবার কাছে আমার ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। সে কোনো ভুল করে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হয়েছিল অপ্রতিম। তাকে খুঁজে পেতে পরিবারের পাশাপাশি কুবি শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ নিজ বাসায় নিয়ে আসা হয়েছিল।
সূত্র: মানবজমিন








