ঢাবি এফএইচ হলে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ ডাকসু ভিপির

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনায় উত্তাল ক্যাম্পাস। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং সংশ্লিষ্ট প্রভোস্টের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও হল সংসদের নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এই অভিযোগ করেন। তিনি জানান, এই হামলায় হল সংসদের নির্বাচিত ভিপি ও জিএসসহ অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সাদিক কায়েমের ভাষ্যমতে, হলের এক ছাত্রকে প্রভোস্টের কক্ষে আটকে নির্যাতনের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। একই সঙ্গে তারা ওই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং প্রভোস্টের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের এই সম্মিলিত আন্দোলনের মুখে প্রশাসন ও হল কর্তৃপক্ষ ভীত হয়ে পড়ে। সাদিক কায়েম অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত তালবাহানা করার পর প্রশাসন ও ছাত্রদল মিলে বহিরাগত নেতাকর্মীদের হলে প্রবেশ করিয়ে এই হামলা চালায়।

ডাকসু ভিপি আরও জানান, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে আসা বিভিন্ন হল সংসদের নেতাদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা দাবি করে যে, এফএইচ হলের অফিসে অন্য হলের কাউকে থাকতে দেওয়া হবে না। তবে সাদিক কায়েম উল্লেখ করেন, এই হামলায় খোদ এফএইচ হলের নির্বাচিত প্রতিনিধিরাও রেহাই পাননি। ঘটনার প্রমাণ হিসেবে তিনি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের স্ক্রিনশটও তার পোস্টে যুক্ত করেছেন, যেখানে নির্যাতনের শিকার শিক্ষার্থীর বক্তব্য রয়েছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদিক কায়েম বলেন, এই হামলার মধ্য দিয়ে ছাত্রদলের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নগ্ন চেহারা প্রকাশ পেয়েছে। শিক্ষার্থীদের ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকা ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন