দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার তেহরান সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল-বুসাইদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে চলমান নিয়মিত রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, এই সফরের মূল লক্ষ্য হলো তেহরান ও মাস্কাটের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শের ধারা অব্যাহত রাখা।
হরমুজ প্রণালির তীরবর্তী দেশ হিসেবে ইরান ও ওমান উভয়েরই এই কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব রয়েছে। বাঘাইয়ের ভাষ্যমতে, এই উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশ পারস্পরিক সহায়তা আরও সুসংহত করতে চায়।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ








