যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে মস্তিষ্কখেকো বিরল ও প্রাণঘাতী অ্যামিবার সংক্রমণে লিলিয়ান স্মার্ট নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। লেক ক্ল্যাবোর্নে সাঁতার কাটার সময় সে এই ভয়াবহ পরজীবীর কবলে পড়ে। নিজের অষ্টম জন্মদিনের ঠিক পরের দিন শনিবার লুইজিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, লেক ক্ল্যাবোর্নে সাঁতার কাটার সময় লিলিয়ান ‘নেগলেরিয়া ফাওলেরি’ নামক এককোষী পরজীবী দ্বারা আক্রান্ত হয়। গত ১৫ আগস্ট তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, এই পরজীবীটি নাক দিয়ে মানবদেহে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ চালায়। এটি মস্তিষ্কে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে ব্রেন টিস্যু ধ্বংস করে দেয়, যার ফলে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, নেগলেরিয়া ফাওলেরির সংক্রমণ অত্যন্ত বিরল হলেও এটি প্রায় শতভাগ প্রাণঘাতী। সাধারণত গ্রীষ্মকালে নদী, হ্রদ বা পুকুরের উষ্ণ মিষ্টি পানিতে এই অ্যামিবা বংশবৃদ্ধি করে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর তথ্য অনুযায়ী, ১৯৩৭ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০টি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না এবং সরাসরি পেটে গেলে এই সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে না।
সূত্র: মানবজমিন








