৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে ওমানের সুলতান

প্রকাশ:

দীর্ঘ ৪৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। গত রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছান তিনি। ১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে দেশটির কোনো রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম চীন সফর।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ আমন্ত্রণে এই সফর করছেন ওমানের সুলতান। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সুলতানকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং। মাস্কাট টাইমসের তথ্যমতে, এই সফরটি দুই দেশের দীর্ঘমেয়াদী ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সুলতানের এই বেইজিং সফরকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষ করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ওমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া জ্বালানি ও অর্থনৈতিক খাতে চীন ও ওমানের সম্পর্ক অত্যন্ত গভীর। ওমান বর্তমানে চীনের অপরিশোধিত তেল আমদানির পঞ্চম বৃহত্তম উৎস এবং আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সুলতানের এই সফরের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে এবং বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন