দক্ষিণ লেবাননকে ইসরায়েলের অংশ দেখানো বিতর্কিত মানচিত্র সরিয়ে নিল তেল আবিব

প্রকাশ:

দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকাকে ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত করে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ আগস্ট গাজায় শিশুদের অপুষ্টির হার নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশের সময় এই মানচিত্রটি ব্যবহার করা হয়। এতে দক্ষিণ লেবাননের অংশবিশেষকে ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে দেখানো হলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

লেবাননের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইংরেজি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বিতর্কিত মানচিত্রটি সরিয়ে ফেলতে বাধ্য হয়। তবে ইসরায়েলের আরবি ভাষার অ্যাকাউন্টে মানচিত্রটি এখনো রয়ে গেছে। এ ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে গত এপ্রিলে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম জানিয়েছিল, দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ভেতরে একটি সামরিক এলাকা তৈরি করেছে। সেই সময় ওই এলাকায় অবস্থিত ৫৫টি গ্রামের বাসিন্দাদের নিজ বাড়িতে ফিরে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল।

শেয়ার করুন