ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল হাকিম (২৫)। তিনি ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার প্রায় এক বছর পাঁচ মাস পর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, টিকটক ভিডিও বানানোর জন্য সৌরভকে ১০ টাকার বিনিময়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন আবদুল হাকিম। গত বছরের ২৯ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে হাকিমের কথামতো সৌরভ পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পায়ে লোহার তারকাঁটা ঢুকে সে গুরুতর আহত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিযুক্ত হাকিম সৌরভকে এই আঘাতের কথা কাউকে জানাতে নিষেধ করেন। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৪ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে সৌরভের মৃত্যু হয়।
এই মৃত্যুর ঘটনায় পরদিন ৫ এপ্রিল সৌরভের মা রানু ক্ষত্রিয় বাদী হয়ে ফুলপুর থানায় আবদুল হাকিমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, মামলা হওয়ার পর থেকেই আসামি হাকিম আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পর তাঁর এলাকায় ফিরে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো








