কুমিল্লার লাকসামে মাদকবিরোধী অভিযানে মহিন হোসেন (৪০) নামে এক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মহিন হোসেন বাকই (দক্ষিণ) ইউনিয়নের বড় বিজরা গ্রামের আবদুল খালেকের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্লাহ বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে মহিন হোসেনকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। একই দিন পৌরশহরের নশরতপুর এলাকায় এসআই মো. নাজমুল কবির অভিযান চালিয়ে জহিরুল ইসলাম (২৮) ও মিজানুর রহমান (৩৫) নামের আরও দুজনকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন। জহিরুল ইসলাম নশরতপুর গ্রামের মৃত মাকসুদ আলমের ছেলে এবং মিজানুর রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদ্রা গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। মিজানুর স্থানীয় একটি খাদ্য মিলে কাজ করেন। অপর দুজন হলেন লাকসাম পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর গ্রামের মৃত মাকসুদ আলমের ছেলে জহিরুল ইসলাম (২৮) এবং ৪ নম্বর ওয়ার্ডের পেয়ারাপুরে একটি খাদ্য মিলের কর্মচারী মিজানুর রহমান (৩৫)।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি। এ ছাড়া কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত মহিন হোসেনের দলীয় পরিচয় নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। বাকই (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. ওমর ফারুক দাবি করেছেন, মহিন হোসেন যুবদলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি একজন প্রবাসী এবং সংগঠনের কোনো পদধারী নন। তবে প্রবাস থেকে দেশে ফিরে তাকে যুবদলের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতে দেখা গিয়েছিল।
অন্যদিকে লাকসাম উপজেলা যুবদলের সভাপতি মো. জিল্লুর রহমান ফারুক জানান, দলীয় কোনো নেতাকর্মী মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি রক্ষায় এই নীতি অবিচল রাখা হবে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র: দৈনিক আমার দেশ








