বৃটেনে হামলার শঙ্কা, মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

প্রকাশ:

আসন্ন বড়দিন ও উৎসবের মৌসুমকে ঘিরে বৃটেনে সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাস। দেশটির নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে থাকায় নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শুধু বৃটেন নয়, পুরো ইউরোপ জুড়েই এই নিরাপত্তা বার্তা প্রযোজ্য বলে জানিয়েছে ওয়াশিংটন; এমনকি বার্লিনে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, একক হামলাকারী বা লোন অ্যাক্টররা কোনো পূর্বাভাস ছাড়াই পর্যটনকেন্দ্র, বাজার, বিপণিবিতান, উপাসনালয় এবং পরিবহনকেন্দ্রে আক্রমণ চালাতে পারে। নাগরিকদের জনসমাগমপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে, বিক্ষোভ কিংবা পুলিশের ব্যাপক উপস্থিতির মতো স্থানগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ছাড়া নিজেদের পরিচয় ও চলাফেরা আড়ালে রাখার পাশাপাশি ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা পরিবারের সাথে শেয়ার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিমান চলাচল ব্যবস্থায় বিঘ্ন ঘটানো এবং বোমা হামলার ভুয়া হুমকির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন। দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির মৌসুমে বড় ধরনের জমায়েত সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাই স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত অনুসরণ করে পরিবহন ব্যবস্থা বা দৈনন্দিন জীবনের সম্ভাব্য বাধা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে থাকতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের। জনবহুল স্থানে চলাচলের সময় পুলিশের নির্দেশনা মেনে চলার পাশাপাশি পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বৃটেনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় সামরিক বিমান সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপ নিতে হয়েছে। এমন স্পর্শকাতর পরিস্থিতির মধ্যেই সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে এই সতর্কতা জারি করা হলো, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়ানো সম্ভব হয়।

শেয়ার করুন