যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে আইনপ্রণেতাদের লক্ষ্য করে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে জেসিকা বোভি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ এবং এই গোষ্ঠীকে বস্তুগত সহায়তা প্রদানের দায়ে তাকে আটক করা হয়েছে। আলবানির বাসিন্দা জেসিকা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রপন্থী মতবাদ প্রচার করে আসছিলেন বলে আদালতে জমা দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে এফবিআইয়ের এক গোপন তথ্যদাতার সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে জেসিকার যোগাযোগ স্থাপিত হয়। সেই কথোপকথনে তিনি স্টেট ক্যাপিটল ভবন ধ্বংস এবং সিনেটরদের লক্ষ্য করে হামলার জন্য বোমা তৈরির উপকরণ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে ছদ্মবেশী ওই তথ্যদাতার কাছ থেকে অর্থ গ্রহণ করে তিনি একটি হার্ডওয়্যার দোকান থেকে বোমা তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেন। এছাড়া হামলার আগে ক্যাপিটল এলাকায় রেকি করার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
এফবিআই জানিয়েছে, জেসিকার মূল পরিকল্পনা ছিল ভবনে বড় ধরনের ক্ষতিসাধন করে সিরিয়ায় পালিয়ে যাওয়া। তবে কোনো ধরনের হামলার আগেই বুধবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসিকা স্বীকার করেছেন যে, তিনি জানতেন এই অপরাধের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী অভিযানে এ ধরনের ছদ্মবেশী বা ফাঁদ পাতার কৌশলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। দোষী সাব্যস্ত হলে জেসিকাকে দীর্ঘমেয়াদী কারাবাসের মুখোমুখি হতে হবে।
সূত্র: মানবজমিন








