মঞ্চনাটকের পরিচিত মুখ ও নির্দেশক মহসিনা আক্তার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তাঁর জীবনসঙ্গী ইরফান উদ্দিন পেশায় একজন সিনেমাটোগ্রাফার ও নাট্যকর্মী। তাঁরা দুজনেই ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’ নামক নাট্যদলের সঙ্গে যুক্ত। একই নাট্যদলে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে পরিণয়ে রূপ নেয়।
নিজের নতুন জীবনের শুরু নিয়ে মহসিনা বলেন, ‘ও একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। আমি যেভাবে সমাজ ও জীবনকে দেখি, সে-ও ঠিক একইভাবে চিন্তা করে। এই মিল থেকেই আমরা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশিত ‘রিজওয়ান’ নাটকে ফাতিমা চরিত্রে অভিনয় করে মহসিনা ব্যাপক পরিচিতি পান। পরের বছর সৈয়দ জামিল আহমেদের নেতৃত্বেই গঠিত হয় ‘স্পর্ধা’, যার প্রতিষ্ঠাতা সদস্য মহসিনা ও ইরফান দুজনেই।
অভিনয়ের পাশাপাশি মহসিনা ‘তবুও জেগে উঠি’, ‘ইন্দুর-বিলাই খেল’, ‘শেষরক্ষা’ ও ‘ওয়েটিং ফর লেফটিজ’-এর মতো বেশ কিছু নাটক নির্দেশনা দিয়েছেন। এছাড়া ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’, ‘বিস্ময়কর সবকিছু’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’-এর মতো মঞ্চনাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। মঞ্চের বাইরে ‘জয়া আর শারমিন’ সিনেমায়ও তাঁকে দেখা গেছে।
অন্যদিকে, ইরফান উদ্দিন ‘বিনোদিনী’, ‘দ্য টেল অব সাদ’ ও ‘দ্য সানফ্লাওয়ার’-এর মতো কনটেন্টের সিনেমাটোগ্রাফি করেছেন। তিনি ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকে অভিনয় করেছেন। জানা গেছে, ইরফান উচ্চশিক্ষার জন্য লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনিচে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো








