যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে, যা বিদেশি কর্মীদের জন্য দুঃসংবাদ বয়ে আনতে পারে। বর্তমানে এইচ-১বিসহ নির্দিষ্ট কিছু ভিসাধারীরা চাকরি হারানোর পর নতুন কর্মসংস্থান খোঁজার জন্য সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। তবে নতুন প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে এই বিশেষ ছাড় বাতিল হয়ে যেতে পারে। রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে এই প্রস্তাবটি হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনার অধীনে রয়েছে। যদিও এটি এখনও চূড়ান্ত রূপ পায়নি এবং বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি, তবে এটি কার্যকর হলে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের ওপর নির্ভরশীলদের চাকরি হারানোর পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে। ২০১৭ সালে চালু হওয়া এই বর্তমান নিয়মটি ই-১, ই-২, ই-৩, এইচ-১বি, এইচ-১বি১, এল-১, ও-১ এবং টিএন ভিসা বিভাগের কর্মীদের জন্য প্রযোজ্য ছিল, যার আওতায় তারা ৬০ দিন অথবা ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত দেশটিতে থাকার সুযোগ পেতেন।
এই সম্ভাব্য পরিবর্তনটি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনের ৭১ শতাংশই ছিল ভারতীয় বংশোদ্ভূতদের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে ৫২ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যারা দীর্ঘদিন ধরে এই দক্ষ কর্মী কর্মসূচির আওতায় বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে আসছেন।
নতুন এই কঠোর বিধান চূড়ান্ত হলে কেবল এইচ-১বি নয়, বরং অন্যান্য ভিসা বিভাগের আওতাভুক্ত কর্মীরাও তাদের নির্ভরশীলদের নিয়ে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন। অভিবাসন আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের ক্যারিয়ার ও জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নতুন এই বিধানটি চূড়ান্ত হলে নির্দিষ্ট কিছু কর্মী এবং তাদের নির্ভরশীলদের জন্য বিদ্যমান ৬০ দিনের ছাড়ের সময়সীমা বাতিল হয়ে যাবে।
এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই বিধানটি বাতিল করার বিষয়টি বিবেচনা করছে।
সূত্র: Probash Khabor








