শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহ্দী আমিন

প্রকাশ:

বাংলাদেশ সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। মঙ্গলবার কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই লক্ষ্যেই এবার অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা সেটিও অনেক বৃহৎ পরিসরে আয়োজন করব।

মাহ্দী আমিন জানান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর একটি বিশেষ ভিশন রয়েছে, যার আওতায় শিক্ষা ব্যবস্থায় ক্রীড়াকে আরও বেশি সম্পৃক্ত করতে চায় সরকার। তিনি বলেন, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মূলত তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্রীড়াকে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি অনিবার্য উপকরণ হিসেবে রূপান্তর করার যে প্রয়াস, এটি তার একটি বড় পদক্ষেপ। আমরা বিশ্বাস করি আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে।

এবারের গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাবা, হ্যান্ডবল, সাঁতার ও কাবাডি খেলায় অংশ নিয়েছে। এখান থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হয়েছে। উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান। এরই অংশ হিসেবে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি। আজ সেখান থেকে সারা দেশ থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে আসা ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা-র চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশকে বিশ্বমঞ্চে উন্নত ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন