সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত ও পশ্চিমবঙ্গ—কোনোটিই নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তোলেন।
অমিত শাহ জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২০১৪ সাল থেকেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে ১ হাজার ১২৯ একর জমি চাওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সেই জমি পাওয়া যায়নি। শেষ পর্যন্ত রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই জমি বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফের মাধ্যমে সীমান্তে বেড়া নির্মাণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা মরিয়া আবেদনগুলো কোনো কাজে আসেনি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতির প্রশংসা করে অমিত শাহ বলেন, এর আগে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী সীমান্তরক্ষী বাহিনীর এমন অনুষ্ঠানে অংশ নেননি। তিনি আরও বলেন, এসএসবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে আগের মুখ্যমন্ত্রীদের অনুপস্থিতি একটি ভুল বার্তা দিয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর যথাযথ স্বীকৃতি না দেয়ার জন্য বিগত বিভিন্ন সরকারের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে ভারতে ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ কখনো গাওয়া হয়নি। তবে চলতি বছরের স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবারের মতো এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া হয়েছে বলে তিনি জানান।
সূত্র: মানবজমিন








