সৌদি এফ-১৫ ভূপাতিত করার দাবি হুতিদের

প্রকাশ:

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে যে, তারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এই দাবির সপক্ষে বিদ্রোহী গোষ্ঠীটি প্রায় চার মিনিটের একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। ভিডিওতে রাতের অন্ধকারে যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করার দৃশ্য, দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া এবং পরে দিনের আলোয় মরুভূমিতে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। বিশেষ করে সৌদি বিমানের প্রতীকের সঙ্গে মিলে যায় এমন একটি বড় উল্লম্ব পাখনা ধ্বংসাবশেষের মধ্যে শনাক্ত করা গেছে। এছাড়া কিছু সশস্ত্র ব্যক্তিকে ওই এলাকায় অবস্থান নিতেও দেখা যায়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, মারিব প্রদেশের আকাশসীমায় যুদ্ধবিমানটি ‘শত্রুতামূলক অভিযান’ পরিচালনার সময় তাদের স্থানীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি একই সঙ্গে সৌদি বাহিনীর ৪৫০টি বিমান হামলার অভিযোগও তুলে ধরেন। তবে ভিডিওর ফুটেজ বিশ্লেষণ করে হুতিদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই উত্তেজনার মধ্যেই বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট পালটা অভিযোগ করেছে যে, হুতিরা ইসলাম ধর্মের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠিয়েছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করেছে। তিনি এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে দুই পবিত্র মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তাকে ‘লাল রেখা’ বা রেডলাইন হিসেবে উল্লেখ করেছেন।

সৌদি জোটের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী। তারা মক্কাকে লক্ষ্য করে কোনো ড্রোন পাঠানোর বিষয়টিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেছে। পশ্চিম এশিয়ায় চলমান বৃহত্তর সংঘাতের আবহে ইয়েমেনকে ঘিরে এই পালটাপালটি অভিযোগ ও উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তার সংকট আরও গভীর হচ্ছে। হুতিদের হামলা এবং সৌদি জোটের আকাশপথের সামরিক অভিযান দুটি পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতকে আরও জটিল করে তুলছে।

শেয়ার করুন