১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে অতিরিক্ত পুলিশ

প্রকাশ:

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বহুমুখী ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো রাজধানীকে বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। মহানগরের সকল প্রবেশপথে তল্লাশি কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত রাখা হয়েছে এবং নিয়মিত সুইপিং কার্যক্রম চালানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও সিআইডির অতিরিক্ত টিম মাঠে মোতায়েন থাকবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, সাধারণ মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, ট্রেন স্টেশন ও শপিং মলসহ সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

শেয়ার করুন