আইসিসিআর বৃত্তিতে ভারতে উচ্চশিক্ষার সুযোগ পেলেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশ:

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬–এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও সংবর্ধনা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আবেদন করা ৭ হাজার ৭০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত ৫৪১ জন শিক্ষার্থী অংশ নেন।

নির্বাচিত এই শিক্ষার্থীরা ভারতের ৫০টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, একাডেমিক অংশীদারত্ব ও বৃত্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ভারত সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে।

হাইকমিশনার শিক্ষার্থীদের ভারতে বাংলাদেশের প্রতিনিধি বা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠানের শেষভাগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন