প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে। এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন বা সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা চীনা প্রতিনিধিদলের সাথে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এই সমঝোতার বিষয়গুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোংলাকে কেন্দ্র করে শিল্পায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিনটিকে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত আনন্দদায়ক ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগে সহযোগিতা করার জন্য তিনি চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চীন সরকারের এই বিনিয়োগ সহায়তা বড় ভূমিকা রাখবে।
সূত্র: যুগান্তর








