কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশ:

গাজীপুরের কালিয়াকৈরে নিজ বাড়ির পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবুল হোসেন (৭১) নামের এক ব্যক্তি। শুক্রবার সকালে উপজেলার গোয়ালবাথান এলাকার ঘাটাখালী নদীর সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন কালিয়াকৈরের শ্রীফলতলী গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে শ্রীফলতলী এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত এক মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন